মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সদ্যসমাপ্ত শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেনকে ধন্যবাদ জানানো হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, মোল্লাহাট থানার ওসি মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জে. এইচ. খান লেলীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের সেক্রেটারি মো. হেদায়েত উল্যাহ, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা