১৫ দিনের ব্যবধানে ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির দুটি দানবাক্স মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও খোলা হয়েছে। সিলগালা করা দানবাক্সগুলো খুলে পাওয়া অর্থ গণনা শেষে মোট ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
সোমবার(২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে লালন একাডেমি প্রাঙ্গণে সিলগালা করা দুটি দানবাক্সের তালা খোলা হয়। এরপর সংগৃহীত টাকা একাডেমি ভবনের চারতলায় নিয়ে গণনা করা শুরু হয়।
টাকা গণনার সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, স্থানীয় সাধু-বাউল এবং গণমাধ্যমকর্মীরা।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম জানান, প্রথা ও রেওয়াজ অনুযায়ী তিরোধান দিবসের পর দানবাক্স খোলার নিয়ম রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ দানবাক্সগুলো খোলা হয় এবং গণনা শেষে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া যায়।
এর আগে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের প্রাক্কালে গত ১০ অক্টোবর দানবাক্সের তালা খুলে প্রায় ৬ লাখ ৪৯ হাজার টাকা পাওয়া গিয়েছিল। তিরোধান উৎসব শেষ হওয়ার মাত্র ১৫ দিনের ব্যবধানে আজ ঐতিহ্যবাহী এই আখড়াবাড়ির দানবাক্স পুনরায় খোলা হলো।
ভোরের আকাশ/ এনউব