কক্সবাজারে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল কচুয়ার দুই বন্ধু

কক্সবাজারে ভ্রমণ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে মাহী উদ্দিন (২৫) এবং একই গ্রামের মুন্সী বাড়ির মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০)। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কচুয়ায় ফিরছিলেন মাহী উদ্দিন ও ফিরোজ আহমেদ। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার ঠাকুরদিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ফিরোজ আহমেদ তৌহিদ। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাহী উদ্দিনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে দাফন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্বজনেরা ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। তবে এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আকস্মিক এই ট্র্যাজেডিতে সাহারপাড় গ্রামের শোকস্তব্ধ পরিবেশ কাটছে না।
ভোরের আকাশ/ এনউব