কক্সবাজারে কাঠ ও পাহাড় কাটার সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামুর পানেরছড়ায় সংরক্ষিত বনে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে অভিযান চালিয়ে ২০ ঘনফুট আকাশমণি কাঠ জব্দ করেছে বনবিভাগ। একই সঙ্গে পাহাড় কাটার বিরুদ্ধে পৃথক অভিযানে মাটি উত্তোলনের সরঞ্জামও জব্দ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে পানেরছড়া বিটের শহীদ তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনের সংরক্ষিত বনে সৃজিত সামাজিক বাগানে অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কাটা প্রায় ২০ ঘনফুট আকাশমনি গাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত গাছ স্থানীয় ব্যবস্থাপনায় রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে ।
এদিকে একইদিন সকাল ১০টার দিকে পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের চাইল্লাতলী ও কাটিরমাথা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত টহলের অংশ হিসেবে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত বেলচা ও প্রায় ১২০ ফুট লম্বা লতা পাইপ জব্দ করা হয়।
রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম জানান, অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/ র.ই