পাথরঘাটায় একশনএইড-এর উদ্যোগে ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ শুরু

জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে একশনএইড-এর উদ্যোগে বরগুনার পাথরঘাটায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নেক্সাস ফেস্ট ২০২৫’।
মানবিক সাড়াদান, জলবায়ু কার্যক্রম, উন্নয়ন ও শান্তি-সম্প্রীতিকে এক সুতোয় গেঁথে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনের লক্ষ্যে এই অনন্য উৎসবটি আয়োজন করেছে একশনএইড বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা বিদ্যানিকেতন সংলগ্ন মাঠে একশনএইড বাংলাদেশ-এর উদ্যোগে এবং এনএসএস নজরুল সৃতি সংসদের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করা হয়। স্থানীয় জনগণ, তরুণ সমাজ, সুশীল সমাজ ও সরকারি অংশীদাররা এতে অংশ নিচ্ছেন। অনুষ্ঠান চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
উৎসবে ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, গবেষণা-ভিত্তিক অ্যাডভোকেসি, সাংস্কৃতিক পরিবেশনা ও কমিউনিটি সম্পৃক্ততামূলক নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে তৃণমূলের কণ্ঠস্বর নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে এবং তরুণরা পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসবে।
ভোরের আকাশ/মো.আ.