চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি-সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এবং জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুর ১টার দিকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁর বয়স প্রায় ৭০ বছর।
এদিকে, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছেন।
ভোরের আকাশ/সু.পা