নীলফামারীতে ডেমক্রেসিয়াচ’র ফেসিংপ্রকল্পের উদ্যোগে নাগরিক সংলাপ

নীলফামারীতে ডেমক্রেসিয়াচ’র জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের একটি রেস্টুরেন্ট কাম কমিউনিটি সেন্টারে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) এর নির্বাহী পরিচালক ভূবন চন্দ্র রায় এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ নুরুন্নবী যুগল।প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবুর রহমানের সঞ্চালনায় সংলাপের উদ্বোধন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক তাসনিম ফৌজিয়া ওপেল।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুম আলী, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম অতিথি থেকে বক্তব্য দেন সংলাপে।
জেন্ডার সমতা, সেবা প্রাপ্তি, জলবায়ু ন্যায়বিচার, নারীর ক্ষমতায়ন ও আইন বাস্তবায়ন বিষয়ক সংলাপে জেলা ও উপজেলা নাগরিক প্লাটফর্মের সদস্য, এনজি প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন।
সংলাপে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ডেমক্রেসিওয়াচের মনিটরিং এন্ড ইভালুয়েশন সমন্বয়কারী মাহমুদ হাছান তালুকদার জানান, গেল বছরে ২০২৫সালে শারীরিক নির্যাতন ২৬৮টি, ভয়ভীতি ২৩৮টি, গৃহ নির্যাতন ২৮৬টি, জমি জমা সংক্রান্ত ১০৫টি, আর্থিক সংক্রান্ত ৬৯টি, তালাক-যৌতুক ৩২টি, ধর্ষণ/ ধর্ষণ চেষ্টা ১৫টি, চুরি ছিনতাই ৩৭টি, অপহরণ ৪১টি, অনলাইন হয়রানী ৪০টি, ইভটিজিং ৬টি ও অন্যান্য ৩১টি সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ স্টেশন, মহিলা বিষয়ক অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, স্থানীয় পত্রিকা ও নাগরিক প্লাটফর্ম সুত্রে এই সহিংসতার তথ্য সংগ্রহ করা হয়।
নাগরিক প্লাটফর্মের সদস্য কাজী জেবুন্নেছা বলেন, ছেলে মেয়েরা বিপদগামী হচ্ছে এজন্য দায়ী আমরা অভিভাবকরাও। তাদের খেয়াল কিংবা খোঁজ খবর আমরা সঠিক ভাবে করছি না।উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের সময়ে সন্ধ্যার আগেই আমরা বাড়ি ফিরতাম। খাতা কলম বা সন্তানের প্রয়োজন হলে চাওয়ার সঙ্গে সঙ্গে দেয়া হতো না, আর এখন বাড়িতে সব কিনে জমা করে রাখছি। চাওয়ার সাথেই সন্তানদের আমরা দিয়ে দিচ্ছি।
আরেক সদস্য শফিকুল ইসলাম বলেন, মোবাইল আসক্তি আমাদের ধ্বংস করে দিচ্ছে। অপরাধে জড়িয়ে পড়ছে ছেলে মেয়েরা। মোবাইল দেখে নানা অপরাধে জড়াচ্ছে নতুন প্রজন্মের সদস্যরা।এজন্য স্কুল কলেজে সচেতনতা মুলক কর্মসুচি পালন করা জরুরী হয়ে পড়েছে।
সংলাপ থেকে যৌতুক, বাল্য বিয়ে রোধ ও সকল ধরণের সহিংসতা রোধে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করার আহবান জানানো হয়।পাশাপাশি অপরাধ রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষনিক ভাবে তথ্য দিতে আহবান জানানো হয়।
ভোরের আকাশ/ এনউব