হাটহাজারীতে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আন্দুল্লাহ আল মুমিন এক আদেশে জানান, মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত, উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এবং আশপাশের এলাকায় রাত ১০টা থেকে পরদিন বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এই সময়ে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র বহন, এমনকি পাঁচজনের বেশি একত্রিত হওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে শনিবার সকালে হাটহাজারী মাদ্রাসার সামনে অবমাননাকর অঙ্গভঙ্গি করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। বিষয়টি ছড়িয়ে পড়লে কওমি মহলে উত্তেজনা দেখা দেয়। বিকেল থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভ শুরু হয়। হাটহাজারী পৌর এলাকায় টায়ার জ্বালিয়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে এবং একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় পুলিশ ফটিকছড়ি থেকে আরিয়ান ইব্রাহিমকে আটক করে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।
তবে রাতের দিকে মাদ্রাসাশিক্ষার্থী ও সুন্নি মতাদর্শ অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভোরের আকাশ/হ.র