রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা ও নিয়মিত মহড়ার বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল খালেক পাটোয়ারী দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে বেশি করে তালগাছ রোপণ ও পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান।
ভোরের আকাশ/সু.পা