অবৈধ ট্রলিং বোটে হুমকির মুখে পাথরঘাটার মৎস্যসম্পদ, সংসদে আইন প্রণয়নের দাবি

একসময় নদীতে জাল ফেললেই মিলত রুপালি ইলিশ। অথচ সেই নদীতেই এখন কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছেন না পাথরঘাটার জেলেরা। তাঁদের অভিযোগ, অবৈধ ট্রলিং বোটের নির্বিচার মাছ শিকার ও নিষিদ্ধ জালের ব্যবহারে ধ্বংস হচ্ছে মাছের পোনা, ডিম ও প্রজননক্ষম মাছ। এতে হুমকির মুখে পড়েছে উপকূলীয় মৎস্যসম্পদ, অনিশ্চয়তায় পড়েছে হাজারো জেলে পরিবারের জীবিকা।
দীর্ঘদিনের এই সমস্যা এবার উঠে এসেছে জাতীয় সংসদে। অবৈধ ট্রলিং বোট বন্ধে দ্রুত শাস্তিযোগ্য আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
গত ১০ নভেম্বর জাতীয় সংসদে অবৈধ ট্রলিং বোটের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ ধ্বংসের বিষয়টি তুলে ধরেন তিনি। এসব বোটের কার্যক্রম বন্ধে দ্রুত আইন প্রণয়ন ও কঠোর শাস্তির বিধান রাখার দাবি জানান চিফ হুইপ।
তাঁর উত্থাপিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ (ইয়াছিন)। মন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবৈধ ও পোনা মাছ নিধনকারী ট্রলিং বোট বন্ধের বিকল্প নেই।
জাতীয় সংসদে বিষয়টি গুরুত্ব পাওয়ায় উপকূলীয় জেলেদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য বন্ধে কার্যকর আইন প্রণয়ন ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মাছ আহরণ, বিপণন, পরিবহন ও রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছেন বিপুলসংখ্যক মানুষ। এ খাত থেকে সরকারও প্রতিবছর উল্লেখযোগ্য রাজস্ব পায়। কিন্তু অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে মাছের পোনা ও প্রজননক্ষম মাছ ধ্বংস হতে থাকলে দীর্ঘমেয়াদে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে মৎস্য খাতের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও সরকারের রাজস্ব আয়ে। সাগরে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রাপ্যতা কমে গেলে জেলে, মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে পুরো সরবরাহব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটার উপকূল ও আশপাশের নদ-নদীতে অবৈধ কাঠের ট্রলিং ট্রলারের চলাচল রয়েছে। এসব ট্রলারে নিষিদ্ধ ও ক্ষুদ্র ফাঁসের জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ডিম ও প্রজননক্ষম মাছ ধ্বংস হচ্ছে। মাছের প্রজনন ও বংশবিস্তারের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে দীর্ঘমেয়াদে সামুদ্রিক মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
পাথরঘাটার পদ্মা ও কালমেঘা এলাকার জেলেরা জানান, অবৈধ ট্রলিং বোট বন্ধ করা না গেলে একসময় নদীতে মাছ পাওয়া কঠিন হয়ে পড়বে। তাঁদের অভিযোগ, এসব বোট মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে ধরে নিয়ে যাচ্ছে। ফলে ছোট ট্রলার নিয়ে নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না তাঁরা।
এলাকার কয়েকজন জেলে বলেন, “আমরা ছোট ছোট ট্রলার নিয়ে নদীতে জাল ফেলি, কিন্তু অনেক সময় ইলিশের দেখা মেলে না। অবৈধ ট্রলিং বোটগুলো পোনা মাছ থেকে শুরু করে সবই ধরে নিয়ে যাচ্ছে। নদীতে মাছ থাকবে কীভাবে? এভাবে চলতে থাকলে একসময় আমাদের আর মাছ ধরার সুযোগ থাকবে না। পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে।”
জেলেদের ভাষ্য, বৈধভাবে নিয়ম মেনে মাছ শিকার করলেও অবৈধ ট্রলিং বোটের কারণে তাঁদের প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়তে হচ্ছে। দ্রুত এসব বোটের কার্যক্রম বন্ধ করা না গেলে উপকূলের ক্ষুদ্র জেলেরা পেশা হারানোর ঝুঁকিতে পড়বেন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “আমরা বছরের পর বছর ধরে অবৈধ ট্রলিং বোট বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। এতদিন এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ বা দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তবে সম্প্রতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ ধ্বংসের বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন এবং এসব বোট বন্ধে শাস্তিযোগ্য আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এতে আমাদের জেলে ও মৎস্যজীবীদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। আমরা মনে করি, অবৈধ ট্রলিং বোট বন্ধ করা গেলে নদী আবারও রুপালি ইলিশে ভরে উঠবে এবং জেলেরা তাঁদের হারানো জীবিকা ফিরে পাবেন।”
অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। পাথরঘাটা উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে একাধিক অবৈধ ট্রলিং বোট আটক করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, বিচ্ছিন্ন অভিযান দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অবৈধ ট্রলিং বোটের মালিক ও পরিচালনাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে হবে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, অবৈধ জালের ব্যবহার ও ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। অবৈধ ট্রলার ও জাল ব্যবহারকারীদের চিহ্নিত করে কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় জেলে ও সচেতন মহলের প্রত্যাশা, জাতীয় সংসদে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত কার্যকর ও শাস্তিযোগ্য আইন প্রণয়ন করা হবে। একই সঙ্গে অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে নিয়মিত অভিযান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁদের মতে, অবৈধ ট্রলিং বন্ধ করা গেলে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তারের সুযোগ বাড়বে। ফিরে আসতে পারে নদী ও সাগরে রুপালি ইলিশের প্রাচুর্য। রক্ষা পাবে উপকূলের হাজারো জেলে পরিবারের জীবন-জীবিকা ও দেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্যসম্পদ।
উপকূলের জেলেদের এখন একটাই প্রত্যাশা—সংসদে উত্থাপিত দাবি যেন শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না থাকে; দ্রুত বাস্তবায়িত হয় কার্যকর আইন ও কঠোর পদক্ষেপ।
ভোরের আকাশ/সু.পা