চিতলমারীতে পেট্রোল-অকটেন সংকট, পাম্পে বিক্রি বন্ধ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পেট্রোল ও অকটেন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার নালুয়া বাজারে অবস্থিত জয় অয়েল এজেন্সি পেট্রোল পাম্পে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাম্পে পেট্রোল ও অকটেন না থাকায় কর্তৃপক্ষ আপাতত বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাম্প এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তেল সংকটের কারণে পাম্পে ভিড় ও উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে হঠাৎ জ্বালানি সংকটে পড়ায় পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে। অনেকেই বিকল্প পাম্পের খোঁজ করছেন, তবে আশেপাশের এলাকাতেও তেলের সরবরাহ সীমিত বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোরের আকাশ/আ.র