বরিশালের কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের

বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো অসহায় মায়া বেগমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
রোববার (২৫ অক্টোবর) তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে গত (২ অক্টোবর) শুক্রবার সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মায়া বেগমের বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্বামী মৃত মালেকের মৃত্যুর পর এমনিতেই অসহায় অবস্থায় থাকা মায়া বেগম অগ্নিকাণ্ডে মাথা গোঁজার আশ্রয় হারিয়ে চরম দুর্ভোগে পড়েন।

এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। একই সঙ্গে তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের দুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এদিকে, একই দিন বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদল নেতা সজলের বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ সোবাহান তালুকদারের কবর জিয়ারত করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। পরে তিনি মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে গুরুত্ব বহন করছে।
ভোরের আকাশ/আ.র