সুনামগঞ্জ ৪ আসনে ‘ট্রাক’ প্রতীকে লড়বেন তিমন চৌধুরী

সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর–সুনামগঞ্জ সদর) আসনে গণঅধিকার পরিষদ থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তরুণ রাজনীতিক সওগাত উসমানী চৌধুরী (তিমন)।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শুক্রবার তার হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পাওয়ার পর তিমন চৌধুরী বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। আমি ট্রাক প্রতীক নিয়ে মাঠে নামছি জনগণের সেবার প্রত্যয়ে। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, দায়িত্ব ও সেবার জায়গা।”
তিনি আরও বলেন, সুনামগঞ্জের মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে নজর দেব।
মনোনয়ন ঘোষণার পর থেকেই তিমন চৌধুরীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। শহর ও গ্রামের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দফতর সম্পাদক বলেন, তিমন চৌধুরী একজন তরুণ, সৎ ও যোগ্য প্রার্থী। আমরা বিশ্বাস করি তিনি জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করবেন।
স্থানীয় বিশ্লেষকরা বলছেন, সুনামগঞ্জ-৪ আসনে তিমন চৌধুরীর প্রার্থীতা নির্বাচনের মাঠে নতুন গতি এনেছে। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “তিমন ভাই সবসময় মানুষের পাশে থাকেন। এলাকায় যেকোনো সমস্যা হলে তিনি আগে এগিয়ে আসেন। আমরা তাকে সংসদে দেখতে চাই।”
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদ ‘ট্রাক’ প্রতীক নিয়ে দেশের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সুনামগঞ্জে ইতোমধ্যে গণসংযোগ ও কর্মী সভা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুনামগঞ্জ-৪ আসনে তরুণ প্রার্থী তিমন চৌধুরীর উপস্থিতি ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করবে এবং প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হবে।
ভোরের আকাশ/জাআ