রায়গঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণ পাড়া এলাকায় মোন্নাফ আলীর বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তাঁর ছেলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিভিন্ন উৎস থেকে কিনে অবৈধভাবে মজুদ করে রাখেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা গণমাধ্যমকর্মীদের প্রাণনাশের হুমকি দেন—এমন অভিযোগ রয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে মজুদ করা চাল জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, ডিলার ছাড়া অন্য কারও কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ বা সংরক্ষণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দ করা চালগুলো সরকারি খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/ র.ই