সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে ট্রাকচাপায় ফজিলা বেগম (৫৩) ও জহিলা বেগম(৬০) নামের দুই পথচারী নিহত হয়েছে।
শনিবার(১০ অক্টোবর) সকালে দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা বেগম ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের ফকিরের তকেয়া এলাকায় প্রতিদিনের মতো আজও ভোরে ফজরের নামাজ শেষে ফজিলা ও জহিলা মহাসড়কের পাশে হাঁটতে বের হয়েছিলেন।
এ সময় রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ফজিলা বেগম ও জহিলা বেগম নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে ঘাতক ট্রাকটি আটক করেন এবং পুলিশে খবর দেন।
পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহগুলো তাঁদের নিকট হস্তান্তর করা হয়েছে, ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা