মিরপুরে অবৈধ বালু বিক্রির অভিযোগে যুবকের কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে অবৈধভাবে মজুদকৃত বালু ক্রয়-বিক্রয়ের অভিযোগে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের একটি বালিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিনের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ গ্রামে।
দীর্ঘদিন ধরে তালবাড়িয়ার একটি বালিঘাটে অবৈধভাবে বালু মজুদ করে তা ক্রয়-বিক্রয় করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বেচাকেনার বিরুদ্ধে তাদের এই অবস্থান অনমনীয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই