সিরাজগঞ্জে বাসের চাপায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে বাসের চাপায় আসিফ (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) সকালে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আসিফ বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতেন। অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যেত।
সকালে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিষয়টি জানতে পারে। অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় এবং নিহত ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।
ভোরের আকাশ/ র.ই