বগুড়ায় আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

বগুড়া জেলা চীফ জুডিশিয়াল আদালত থেকে পালিয়ে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছেন। ২৩ সেপ্টেম্বর রাত ৯টা ৫ মিনিটে বগুড়ার আদমদিঘী থানার বাগিচাপাড়া এলাকা থেকে দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামি রফিকুল ইসলাম জেলার আদমদীঘি থানার বশিকোড়া চকপাড়া এলাকার আকন্দের ছেলে। তার বিরুদ্ধে ৩৯৪/৩০২/৩৪ ধারায় হত্যা ও ডাকাতি মামলায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে আদালতে হাজিরার পর হাজতখানা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় কৌশলে পালিয়ে যান তিনি। পরে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ভোরের আকাশ//হ.র