কৃতিত্বের স্বীকৃতি ও নতুন নেতৃত্বের অভিষেক
ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর আয়োজন

শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের বরণ এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা—বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয়ের বেগম রোকেয়া মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম. সাইফুল্লাহ এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মহিদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নূরুল আমীন মুকুলসহ শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সারজিৎ তাবাসসুম, রূপকথা তাহেরি, সারিকা সাঈদ ও হুমায়ুন বিনতে আলেয়া।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৮৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র