সোনাইছড়িতে ইয়াবাসহ আটক ১

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি থেকে পুলিশি অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক কারবারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম থোয়াইহ্লা মার্মা। সে এলাকার চাহ্লা মার্মার ছেলে।
এ সময় তার সহযোগী আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানকালে থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা এলাকার চোরাইপথ দিয়ে মাদক ব্যবসা করে আসার কথা স্বীকার করেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত ইয়াবা নিয়ে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা ইয়াবা পাচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছিল মাদককারবারীরা। নাইক্ষ্যংছড়ি থানার বর্তমান ওসি যোগদানের পর সোনাইছড়ি এলাকায় এই দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক এবং মামলা করা হয়।
ভোরের আকাশ/র.ই