গাইবান্ধায় ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি নির্মাণাধীন ভবন থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রাত ৩টার দিকে ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার সংলগ্ন নির্মাণাধীন ভবন থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্প (সিপিসি-৩) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নির্মাণাধীন একটি ভবনের ভেতরে ককটেল ও পেট্রলবোমাগুলোর সন্ধান পাওয়া যায়। পরে এসআরবি-১৩-এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে। উদ্ধার করা বিস্ফোরকগুলো পরবর্তী সময়ে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে এসআরবি-১৩-এর অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব