নবগঠিত আহ্বায়ক কমিটি
প্রয়াত নেতাদের আদর্শে দলকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার

প্রয়াত দুই শীর্ষ নেতার আদর্শকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা বিএনপিকে সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা।
শুক্রবার (১৩ জুন) দুপুরে মুন্নু ক্যাফে রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম কার্যকরী সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
প্রয়াত শীর্ষ দুই নেতা হলেন- বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও দলটির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু।
এর আগে শুক্রবার সকাল ১১টায় ঘিওর উপজেলার পাচুরুরিয়ায় খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে তাঁদের দিনের কর্মসূচি শুরু হয়।
পরে দুপুর ১২টায় গিলন্ড মুন্নু সিটিতে হারুনার রশিদ খান মুন্নুর কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার সভাপতিত্বে সভায় আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, এডভোকেট আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার, নাসির উদ্দিন আহমেদ যাদু, এডভোকেট আতাউর রহমান খান ভূইয়া ফরিদ ও গাজী হাবিব হাসান রিন্টু উপস্থিত ছিলেন।
তাঁরা বলেন, প্রয়াত দুই জাতীয় নেতা খন্দকার দেলোয়ার হোসেন ও হারুনার রশিদ মুন্নুর ত্যাগ ও রাজনৈতিক আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে।
আলোচনায় জেলার সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতা, দলীয় কাঠামো মজবুতকরণ ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হয়।
ভোরের আকাশ/জাআ