শিবচরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাদারীপুরের শিবচরে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৫ হাজার টাকাসহ মো. সোলাইমান মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে শিবচর থানাধীন কুতুবপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের হাচেন বেপারীকান্দি গ্রামে এই অভিযান চালানো হয়। আটক সোলাইমান মিয়া ওই গ্রামের ফয়জল বেপারীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মাদারীপুর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের পরিদর্শক মো: ফরহাদ আকন্দের নেতৃত্বে একটি বিশেষ টিম শিবচরের কুতুবপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে আসামির নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে একটি কমলা রঙের প্রিন্টের হাত ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ৭টি নীল জিপারযুক্ত পলিপ্যাকেটে থাকা মোট ১ হাজার ৪০০ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা। এছাড়াও ব্যাগের ভেতর থেকে ইয়াবা বিক্রির নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ জানান, আটক আসামির বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান চলমান থাকবে।
ভোরের আকাশ/ র.ই