নেত্রকোনায় কৃষক হত্যার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রোপ্তার

নেত্রকোনার মদন উপজেলায় কৃষক হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামি শহীদুল ইসলামকে (৪০) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
চাঞ্চল্যকর এ ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা হলো। মঙ্গলবার (২১ এপ্রিল) র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১৪ ময়মনসিংহের সদর কোম্পানি ক্যাম্পের যৌথ অভিযানে এই গ্রেপ্তার সম্ভব হয়।
গ্রেপ্তার শহীদুল ইসলাম নেত্রকোনার মদন উপজেলার মাঘনা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। নিহত কৃষক বাচ্চু মিয়া (৬৪) একই এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রায়ই বাচ্চু মিয়ার জমিতে গরু ছেড়ে দিতেন। বারবার নিষেধ করেও লাভ হয়নি।
ঘটনার দিন গত ২৬ মার্চ বিকেলে- হাওরের ধানক্ষেতে গরু দিয়ে ফসল নষ্ট করা হচ্ছিল। এতে বাধা দিলে শহীদুল ইসলামসহ কয়েকজন কাঠের মুগুর দিয়ে বাচ্চু মিয়াকে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ছেলে মো. আলামিন তালুকদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শহীদুল ইসলামসহ ৬ জনকে আসামি করা হয়। ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, মামলা দায়েরের পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু হয়। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় শহীদুল ইসলামের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এই মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই