ক্যান্সার রোগীর সহায়তা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বেচ্ছাসেবকের

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মানবিক কাজে অংশ নিতে গিয়েই তার এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার বদিজামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তা সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজনের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন আবেদ আলী।
এ সময় একটি বাড়িতে গিয়ে তিনি আঙিনায় চার্জে সংযুক্ত অবস্থায় রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশার গায়ে হেলান দেন। অটোরিকশায় বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
তার সঙ্গে থাকা ব্যক্তিরা ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবেদ আলী উপজেলার বদিজামাপুর এলাকার মোস্তা রহমানের ছেলে।
তিনি এলাকার একজন পরিচিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি ছিলেন। স্থানীয়দের ভাষ্য, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই তিনি ওই ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহে অংশ নিয়েছিলেন।
খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ হাসপাতাল পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং চার্জে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ভোরের আকাশ/ র.ই