বিএনপির প্রার্থীর বিচার দাবিতে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখা কমিটির আহ্বায়ক ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে মোবাইল ফোনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের অসৌজন্যমূলক কথাবার্তা ও গালিগালাজের প্রতিবাদ জানিয়ে আহমেদ আযম খানের বিচার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে নিরালামোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আহমদ আজম খান একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যানকে যেভাবে মোবাইল ফোনে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করেছেন সেটা কোনো ভালো মানুষের পরিচয় বহন করে না। এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাকে সমগ্র জাতি ও বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে দল থেকে তার মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবিও জানান মুক্তিযোদ্ধারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, টাঙ্গাইল সদরের মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. নুরুজ্জামান, জেলা বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব মিয়াসহ প্রমুখ।
ভোরের আকাশ/মো.আ.