কুড়িগ্রামে সুপারি বাগানে গাঁজা চাষ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৃথক দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, এসআই জাহিদসহ পুলিশের একটি দল অংশ নেয়।
জব্দ করা গাঁজা গাছগুলো স্থানীয় মাদক কারবারি মো. মাজেদুল ইসলাম মঞ্জু সুপারি বাগানের আড়ালে গোপনে চাষ করেছিলেন বলে পুলিশের দাবি।
স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন এবং এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত।
তবে অভিযানের সময় তিনি এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা এবং প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানে স্থানীয়ভাবে গাঁজার চাষ করে থাকে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/ র.ই