পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পাঁচবিবি থানাধীন আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র হোসেন আলী (১০) এবং চতুর্থ শ্রেণির ছাত্র রহমত আলী (৯)। তারা একই এলাকার মো. এনামুল হকের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরে হোসেন আলী ও রহমত আলীসহ চার বন্ধু পার্শ্ববর্তী শ্রী প্রবীর চন্দ্রের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর চাচাতো ভাই আল ইমরান পুকুরপাড়ে এসে তাদের খুঁজে না পেয়ে সন্দেহ করেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পেট থেকে পানি বের করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সহোদরের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম ও পুকুরের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা শিশুদের নিরাপত্তায় আরও সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/এনএস