ধর্মের দোহাই দিয়ে ঘরে বন্দী রাখা যাবে না নারীকে : এমপি মহিত

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, পৃথিবী দ্রুত পাল্টাচ্ছে। দেশে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ উভয়ে কাধেঁ-কাঁধ মিলেয়ে উন্নয়ন করছে। এটা সম্ভব হয়েছে নারীর ক্ষমতায়ন এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে।
আমাদের দেশে অর্ধেক জনসংখ্যা নারী। তাঁদেরকে কর্মবিমুখ বাসার কোণে বন্দী রাখলে দেশ ও জাতির উন্নতি সাধন সম্ভব না। এজন্য দেশ ও জাতির কল্যাণে নারীকে কাজ করতে হবে। কোনভাবেই ধর্মের দোহাই দিয়ে নারীকে ঘরে বন্দী রাখা যাবে না।
রোববার (৮মার্চ) দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে একটি বিষয় আপানারা লক্ষ্য করেছেন নিশ্চয় যে, এসএসসিসহ অন্যান্যা পাবলিক পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েরা ভালো করছে। আমরা তাঁদের প্রতি একটু সহানুভূতিশীল এবং দায়িত্ববান হলে, তারা নিজের যোগ্যতায় সবজায়াগায় স্থান করে নিবে।
মেয়েরা সম্পদ। বোঝা নয়। সঠিক মূল্যায়নই তাঁদেরকে আরো সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। অথচ সংসার জীবনে নারীদের নির্যাতন সহ্য করতে হয়। সুন্দর সমাজ গঠন করতে হলে প্রথমেই নারী নির্যাতন বন্ধ করতে হবে। নারী-পুরুষ সমান অধিকার শুধু মুখে নয় বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে। নারী দিবসে আমাদের এই অঙ্গিকার হওয়া উচিৎ।
তিনি আরও বলেন, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার প্রত্যেক নারীদের চাওয়া এই উপজেলায় যেন কোনো মাদক না থাকে। কারন একটি পরিবারে একজন মাদকাশক্ত থাকলে সেই পরিবার ধ্বংস। আর নারীর উপর প্রথম অত্যাচার শুরু হয় মাদকের কারনে। পরিবারে নারীরা স্বামী কিংবা সন্তানের দ্বারা নির্যাতনের শিকার হয়ে থানায় আসেন বিচারের জন্য। নারীদের ভালো রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহান পারভেজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমান বানু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, দবীর সহকারি পরিচালক ফিরোজ আল মামুন ও নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা প্রমূখ।
ভোরের আকাশ/ র.ই