ফুলবাড়ীতে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি, নেতাকর্মীদের আনন্দ মিছিল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কাচারি মাঠের বটতলায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে অস্থিরতা দেখা দেয়। এ পরিস্থিতিতে জেলা কমিটি উপজেলা কমিটি বিলুপ্ত করে। এরপর নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করলেও সাংগঠনিকভাবে নানা প্রভাব পড়ে।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৩ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব আলহাজ সোহেন হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা বিএনপির ২০ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে একসময়ের ছাত্রনেতা মো. শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক, লোকমান হোসেন সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আরাবুর রহমান ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্যসচিব করা হয়েছে।
আনন্দ মিছিল শেষে কাচারি মাঠের বটতলায় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু ও সদস্যসচিব আব্দুল মান্নান মুকুলসহ স্থানীয় নেতারা।
ভোরের আকাশ/সু.পা