ইসির নানা আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন এমনভাবে দায়িত্ব পালন করা উচিত, যেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠে। কিন্তু নির্বাচন কমিশনের নানা কারণে, নানা বিষয়ে ও নানা আচরণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।
মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে একথা বলেন তিনি। তিনি বলেন, মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা চায় এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্র্বতীকালীন সরকারকে দিতে হবে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু স্বাভাবিক করতে পারছে না। রিজভী আরো বলেন, অন্তর্র্বতী সরকার আমলে খাদ্য সংকট, কর্মসংস্থান হচ্ছে না, কারখানা বন্ধ আবার মুদ্রাস্ফীতি বাড়ছে বৈদেশিক কোন ইনভেস্টমেন্ট নেই, জবাবদিহিমূলক সরকার নেই, প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, নানাভাবেই আমরা সরকারের ঢিলেঢালা ভাব দেখছি তা অত্যন্ত দুঃখজনক। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ এর উদাহরণ দিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন, শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলামসহ শরীয়তপুর জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে তিনি বেলা ১২টায় জাজিরা উপজেলা অডিটোরিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
ভোরের আকাশ/র.ই