নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার ও ডিমলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে।
নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহযোগিতায় এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যালি, পথসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে ডিমলা উপজেলা থেকে নারী, পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভ্যানগাড়ির একটি র্যালি বের হয়। র্যালিটি ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ, বোড়াগাড়ি বাজার, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজার ও খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার প্রদক্ষিণ করে।
পরে বিভিন্ন স্থানে পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে তথ্য অধিকার আইন, সঠিক তথ্য পাওয়ার গুরুত্ব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
পথসভা ও আলোচনা সভায় তথ্য অধিকার বিষয়ে বক্তব্য দেন পাঙ্গা মহেশ লালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী, ইউনিট হিসাবরক্ষক আব্দুল ওহাব ও অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দীকা আশা। এ সময় শিক্ষার্থীরাও আলোচনায় অংশ নেন।
বক্তারা ডিজিটাল মাধ্যমে তথ্যের দ্রুত বিস্তারের এই সময়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে তথ্য অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
ভোরের আকাশ/সু.পা