চাঁদপুরে ট্রলির সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত

চাঁদপুরের মতলব ব্রিজে পিকআপ ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক অহিদুল ইসলাম (১৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অহিদুল ইসলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় একটি পিকআপ ভ্যান মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় মতলব ব্রিজে উঠলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার অবৈধ গাড়ি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের আসনে বসা অহিদুল মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে অহিদুলের মৃত্যু হয়।
ছেংগারচর পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা নূর নবী মোল্লা, যিনি আহত অহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার পরপরই অবৈধ ছয় চাকার গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভোরের আকাশ/সু.পা