উত্তরাঞ্চলে সেচসুবিধা বাড়াতে বিএডিসির নতুন প্রকল্প অনুমোদন

উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বাড়ানো ও ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধায় ক্ষুদ্রসেচ উন্নয়নে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ তিন জেলার ২৫টি উপজেলায় খাল পুনঃখনন, সেচ অবকাঠামো নির্মাণ ও আধুনিক সেচপ্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ২১ হাজার ৫০৫ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ শীর্ষক প্রকল্পটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়িত হবে। গত ১৮ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও বিএডিসি, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে খাল পুনঃখনন, প্রয়োজনীয় সেচ অবকাঠামো নির্মাণ এবং জলাবদ্ধ বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষিজমির জলাবদ্ধতা দূর করা হবে।
তিনি জানান, প্রকল্পের আওতায় ৩০০ কিলোমিটার সেচ ও নিষ্কাশন খাল পুনঃখনন করা হবে। বিদ্যুৎচালিত লো লিফট পাম্প (এলএলপি), সৌরবিদ্যুৎচালিত পাম্প ও গভীর নলকূপের জন্য ৩৫০ সেট পাম্প ও মোটর কেনা হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের ১৫৫টি হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ করা হবে।
এ ছাড়া ফসলের মাঠ ও চরাঞ্চলে যাতায়াত ও কৃষিকাজের সুবিধার্থে ৩৫ কিলোমিটার আরসিসি গোপাট নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ৫০ সেট সৌরচালিত সেচযন্ত্র কেনা ও স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে কৃষকদের জন্য আধুনিক, সময়োপযোগী ও সাশ্রয়ী সেচব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বছরে ১ লাখ ৩৯ হাজার ৭৮২ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানান ফোকাল পয়েন্ট কর্মকর্তা। তিনি বলেন, প্রকল্পের আওতাধীন সব কার্যক্রম নির্ধারিত সময়ে বাস্তবায়নের পাশাপাশি কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। একটি প্রকল্পের মূল উদ্দেশ্য সফল করতে এ বিষয়গুলো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন জেলার কৃষিতে সেচব্যবস্থার উন্নয়ন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্যশস্য উৎপাদন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/জেআ