ঝিনাইদহে তেল নিয়ে বাকবিতণ্ডা, পাম্প কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহে পেট্টোল পাম্পে তেল নিতে এসে বাক-বিতন্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে পুলিশ।
নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। সে ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে বোতলে তেল নিতে আসেন যুবক নিরব হোসেন। সেসময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। যুবক নিরব হোসেন পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত নিরবের খালাতো ভাই সোহেল হোসেন জানান, নিরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান দিয়েছিল। সে ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকত। সে কয়েকজন বন্ধুর সাথে শহরের সৃজনী পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে গিয়েছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে মাপ নিয়ে ঝামেলা হয় নীরবের সাথে। এ সময় ফিলিং স্টেশনের তিনজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/আ.র