রূপগঞ্জ
বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আরও দুই প্রার্থী। তারা হলেন গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন (জাহাজ)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এসময় তিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থনের কথা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া ও আশরাফুল হক রিপন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ খাঁন, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল ও হারুন খাঁন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বুধবার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকায় আয়োজিত এক পৃথক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এসময় উপস্থিত বিএনপি নেতাদের হাতে তিনিও ধানের শীষের প্রতীক তুলে দেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ দুলাল হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে আমি বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে জয়ী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে এখনো প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ হাশেমী (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান চন্দন (কাস্তে) এবং ইনসানিয়াত বাংলাদেশের মো. রেহান আফজাল (আপেল)।
ভোরের আকাশ/ র.ই