টেকনাফে ৩০ হাজার ইয়াবা সহ তিন পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে নাফ নদীর নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমারের মুংডু খাল থেকে একটি সন্দেহজনক নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি ধাওয়া করে। নৌকাটি কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলেও বিজিবি সদস্যরা চারপাশ ঘিরে ধরে। পরে তল্লাশিতে মাছ ধরার জালের ভেতর লুকানো ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আব্দুল্লাহ (৩০), মো. জহির আহমেদ (৫০) ও মো. কেফায়েত উল্লাহ (১৮)। তাদের সবাই টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি স্থানীয় মাদক কারবারি ইমান আলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছিল। ইমান আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান এখনও অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ//হ.র