সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরের ৩ প্রবাসী নিহত

সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়ায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
রবিবার (৯ আগষ্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খাজুরা শ্রীপুর পাড়ার মোঃ গোলাম রাব্বানীর ছেলে মোঃ সাব্বির আহমেদ শুভ (৩০), ৩ নং খাজুরা ইউনিয়নের দীঘির পাড় গ্রামের মোঃ জাকির আলীর ছেলে মোঃ শামীম হোসেন(৩৫) ও মহিশডাঙ্গা গ্রামের মোঃ আসলাম হোসেনর ছেলে মোঃ রবিউল আউয়াল হৃয় (২৫)।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান খাঁন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আজ আমরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাব। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এনউব