লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আব্দুল আহাদ, আব্দুল মাজেদ ও হুমায়ুন রশিদ। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীদের। এছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। এ ঘটনায় নিহত ও আহতদের কারোর পরিচয় জানা যায়নি। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
ভোরের আকাশ/তা.কা