মানিকগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকায় গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ শহরে অভিযান চালিয়ে মাদক ও দেহ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকায় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশের একটি যৌথ টিম অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঘিওর উপজেলার কামারজাগীর গ্রামের মৃত আইনাল মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪০), একই উপজেলার ঠাকুরকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে সুমন খন্দকার (৪৮) এবং ঢাকার সূত্রাপুর এলাকার আব্দুর রাজ্জাক ভুঁইয়ার মেয়ে তানিয়া আফরোজ চৈতি (৪৫)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৭টার দিকে শহরের তুফান আলী প্লাজার ৭ম তলায় একটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে অবৈধ দেহ ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ইয়াবা বিক্রির কিছু টাকাও উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। যেখানেই মাদক থাকবে সেখানেই আমরা অভিযান পরিচালনা করব এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/আ.র