ফতুল্লায় ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লঞ্চঘাট পল্টুনের সামনে এই অভিযান পরিচালিত হয়। এসময় মোহাম্মদ সোহাগ (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সোহাগ কুমিল্লার মুরাদ নগরের বাবনার পাড় এলাকার বাবুল ও অঞ্জনা বেগমের ছেলে। বর্তমানে সে ফতুল্লা থানাধীন নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় এলাকার নোয়াখাইলার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে বলে জানায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সোহাগের হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ভোরের আকাশ/মো.আ.