রাঙামাটিতে শুরু হচ্ছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

রাঙামাটি জেলায় শিশুদের প্রাণঘাতী সংক্রামক রোগ হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে বিশেষ টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হতে যাচ্ছে।
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত টানা ২১ দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। যার আগে হাম হয়েছে এবং যার হয়নি, উভয় শিশুই এই টিকার আওতায় আসবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে রাঙামাটির ৩৫৪টি স্কুল ও ১,২৭২টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬৪,৬৩১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
সংবাদ সম্মেলনের শুরুতে হাম ও রুবেলা রোগের ঝুঁকি এবং টিকাদানের গুরুত্ব নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।
এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে জানান, এখন পর্যন্ত ২৬ জন শিশুকে সন্দেহভাজন (সাসপেক্ট) হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ১৫ জনের রিপোর্ট পাওয়া গেছে, তবে কারোর মধ্যেই হাম-রুবেলার উপস্থিতি পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৭৪ শতাংশই কোনো ধরনের টিকা পায়নি। এটি অভিভাবকদের অজ্ঞতা কিংবা অবহেলার ফল হতে পারে। টিকা না পাওয়া শিশুদের মধ্যেই আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং মৃত্যুহার বেশি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাম-রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অসুস্থ শিশুদের এই টিকা দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে নিজ নিজ এলাকার নির্ধারিত টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে সময়মতো টিকা নিশ্চিত করতে, যাতে একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা যায়।
ভোরের আকাশ/ র.ই