কুষ্টিয়ায় এনসিপি নেতাকর্মীর বিক্ষোভ আটকে দিয়েছে পুলিশ

কুষ্টিয়া শহরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির , অল্প কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বিক্ষোভকারীদের সামনে এগোতে দেওয়া হয়নি।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ নিয়ে নেতাকর্মীরা বের হওয়ার সময় আটকে দেয় পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে রোববার সন্ধ্যায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করতে রাতে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করে দলটি। প্রতিবাদে সোমবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এনসিপি নেতাকর্মীরা জানান, বিক্ষোভ মিছিল লাইব্রেরির মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
এনসিপি কুষ্টিয়া জেলার সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখন কেউ ফোনও রিসিভ করছেন না।
পুলিশ বলছে, বিক্ষোভকারীদের কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি আছে। তারা যতক্ষণ ইচ্ছা পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে বিক্ষোভ করতে পারেন।
ভোরের আকাশ/ এনউব