জমি নিয়ে বিরোধে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, প্রাণনাশের হুমকি

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই সঙ্গে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা।
রোববার (১৬ আগস্ট) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে তারা জানান, গত ৩ আগস্ট শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পশ্চিম ভাটিয়াপাড়া এলাকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ, হামলার ঘটনার পরও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর মধ্যে গত ১২ আগস্ট তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
তারা বলেন, ‘আমরা কোনো ধরনের সংঘাত বা বিরোধ চাই না। আমরা শুধু নিজেদের বাড়িঘর, সম্পদ ও জীবনের নিরাপত্তা চাই।’ এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে মুন্তাজ আলী, রাসেল মাহমুদ, মো. বিশাল আহমেদ, মো. রাজা মিয়া, মো. লালচান মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এনউব