গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, গ্রেপ্তার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল প্রধান (বৃদ্ধ) নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় প্রধান আসামি ছানোয়ার হোসেন আকন্দকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটে গাইবান্ধার সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া গ্রামের বাবু মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছানোয়ার হোসেন আকন্দ গোবিন্দগঞ্জ উপজেলার চক মাকড়া গ্রামের মৃত সাইদুল ইসলাম আকন্দের ছেলে।
এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জহুরুল প্রধানের পরিবারের সঙ্গে ছানোয়ার আকন্দের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকালে ছানোয়ারের পরিবারের লোকজন জহুরুলের জমিতে মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করেন। এ সময় জহুরুল তাঁদের জমি খুঁড়তে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা জহুরুলের বুকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ৮ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ১৪।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর ছানোয়ার হোসেন আকন্দকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।
ভোরের আকাশ/সু.পা