গাজীপুরে যুবদল নেতা মোশারফের মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুর মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মরহুম মোশারফ হোসেন সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তার রুহের মাগফিরাত কামনায় দোয়ার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েতের উপস্থিতিতে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা, মহানগর যুবদলের সদস্য আসলাম মিয়া, মহিবুর রহমান মারুফ, জামিল হোসেন জসিম, কবির হোসেন, শাকিল, আশরাফুলসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
স্মৃতিচারণ করে নাজমুল খন্দকার সুমন বলেন, মরহুম মোশারফ হোসেন সরকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হলেও পরবর্তীতে যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি গাজীপুর মহানগরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সাহসিকতা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দলের প্রতিটি সংকটময় সময়ে তিনি রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মরহুম মোশারফ হোসেন সরকারের আদর্শ, ত্যাগ ও সাংগঠনিক অবদান গাজীপুরের বিএনপি ও যুবদলের রাজনীতিতে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে এবং তার অনুসৃত আদর্শ আগামী দিনের নেতৃত্বকে অনুপ্রাণিত করবে।
ভোরের আকাশ/এনএস