চকরিয়ার মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ধ্বংস ৫ মেশিন ও পাইপ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর, পাঁচটি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ অভিযান একই দিন বিকেল পর্যন্ত চলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাতামুহুরী সেতুর নিচে প্রথম অভিযান পরিচালনা করা হয়। এরপর একই দিন বেলা ২টা থেকে চকরিয়ার বাটাখালী সেতু এবং চকরিয়া-পেকুয়া সীমান্তবর্তী বাঘগুজারা সেতু সংলগ্ন নদী ও চরাঞ্চলে অভিযান চালানো হয়। এসব এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম বিনষ্ট করা হয়।
মাতামুহুরী নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে। নদীর তলদেশ ও চরাঞ্চল থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সেতুর আশপাশ থেকে বালু উত্তোলন নদীর তলদেশের স্বাভাবিক গঠন ও সেতুর নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে নদীর তীরবর্তী জনবসতি ও কৃষিজমিও ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান ও নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন সময় নদীর একেকটি পয়েন্টে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকে। এক স্থানে অভিযান পরিচালনা করা হলে অন্য স্থানে সক্রিয় হয়ে ওঠে অবৈধ বালু উত্তোলনকারীরা। ফলে নদী ও চরাঞ্চলের ক্ষতি ঠেকাতে নিয়মিত নজরদারির পাশাপাশি জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অভিযানে বালু ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর, পাঁচটি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ভোরের আকাশ/আ.র