ভারত-বাংলাদেশ কোস্ট গার্ডের সমঝোতায় সাগরদ্বীপ থেকে এক জেলে উদ্ধার

বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। ভারতীয় কোস্ট গার্ডের সহায়তায় উদ্ধারকৃত জেলেকে ২৩ জানুয়ারি তার পরিবারের কাছে হস্তান্তর জন্য থানায় হস্তান্তর করা হয়েছ ৷ শুক্রবার সকালে এক প্রেস নোটের মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গত ১৩ জানুয়ারী মঙ্গলবার কক্সবাজারের মহেশখালীর ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে ১৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।
এসময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক একজন জেলে বোট থেকে লাফিয়ে পানিতে পড়ে যায়। পরে ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর নিমিত্তে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা-এর মাধ্যমে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নেয় এবং বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে।
উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড বৃহস্পতিবার রাতে মোংলায় নিয়ে এসে ২৩ জানুয়ারী তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার জন্য শরনখোলা থানায় হস্তান্তর করে । উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।
ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্বরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত। সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে আশা করছে কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনএস