২ কেজি ৩০০ গ্রামের রাজা ইলিশের দাম উঠল সাড়ে ১০ হাজার টাকা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রাজা ইলিশ। বিরল আকারের এ মাছটি স্থানীয় নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালকিনি ইউনিয়নের মতিরহাট মাছঘাটে সারু মিয়ার মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মো. রিয়াজ ১০ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন।
মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝিসহ কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির একটি ইলিশটি পান। পরে মাছটি সারু মিয়ার আড়তে নিয়ে আসা হলে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী রিয়াজ সেটি কিনে নেন।
মাছের ক্রেতা মো. রিয়াজ বেপারি বলেন, বড় আকৃতির ইলিশের চাহিদা বেশি থাকায় এতো দাম দিয়ে মাছটি কিনেছি। এটি বিক্রির জন্য চাঁদপুরের আড়তে পাঠানো হবে।
সেখানে বড় ইলিশের ভালো দাম পাওয়া যায়। আশা করছি, প্রতি কেজি প্রায় ৬ হাজার টাকা দরে মাছটি বিক্রি করা সম্ভব হবে।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। তাই বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দুটোই বেশি। তবে আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।
ভোরের আকাশ/জেআ