ব্রাহ্মণবাড়িয়া
ইয়াবা সেবন না করায় যুবকের গোপনাঙ্গে কামড়

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পূর্ব খাদলা এলাকায় ইয়াবা সেবনে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক যুবকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রাকিব অভিযোগ করেন, তাকে জোরপূর্বক ইয়াবা সেবনে বাধ্য করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি লিঙ্গে কামড় দিয়ে গুরুতর জখম করেন।"
পূর্ব খাদলা সালদা নদীর পাড় রোববার (১২ এপ্রিল) আনুমানিক রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের আরিফ মিয়াসহ ৩-৪ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত। ঘটনার দিন তারা রাকিবকে ইয়াবা সেবনে চাপ প্রয়োগ করে।
এতে রাজি না হওয়ায় তাকে মারধরসহ অমানবিক নির্যাতন চালানো হয় এবং তার কাছে থাকা নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫নং পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী কসবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে আরিফ মিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ভোরের আকাশকে জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/ র.ই